খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

হরমুজে সামরিক উপস্থিতি নিয়ে ইরানের কড়া বার্তা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হরমুজে সামরিক উপস্থিতি নিয়ে ইরানের কড়া বার্তা

যোগফল প্রতিবেদক:

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে কোনো দেশের সামরিক উপস্থিতিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সরাসরি সহায়তা হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ সতর্কবার্তা দিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্যভাবে ‘অবদান রাখার’ বিষয়টি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বিবেচনা করছে—এমন বক্তব্যের পর ইরানের পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

ইসমাইল বাঘেই বলেন, ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্মান রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আত্মরক্ষার সময় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে কোনো দেশ সামরিক উপস্থিতি বজায় রাখলে কিংবা সামরিক অভিযানে অংশ নিলে, ইরান সেটিকে আগ্রাসনে সরাসরি সহায়তা হিসেবে দেখবে।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপের কারণে সংশ্লিষ্ট দেশকে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে। কোনো সার্বভৌম ও দায়িত্বশীল দেশেরই যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির কাছে নতি স্বীকার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়ে ইরানের এই মুখপাত্র বলেন, দেশটির উচিত ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড ও ভয়াবহ অপরাধে’ জড়িয়ে না পড়া।

এর আগে অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর জন্য দক্ষিণ কোরিয়া প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত মোতায়েনের অংশ হিসেবে পি-৮ সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণে বিশেষজ্ঞ একটি দল এবং একটি লজিস্টিক সহায়তা জাহাজ রাখার পরিকল্পনা রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এ প্রণালির কৌশলগত গুরুত্ব অনেক বেশি। ফলে সেখানে সামরিক উপস্থিতি ঘিরে ইরানের এমন সতর্কবার্তা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাস্তবে নেই, তবু লুকার প্রেমে মজেছেন নেটিজেনরা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাস্তবে নেই, তবু লুকার প্রেমে মজেছেন নেটিজেনরা

 যোগফল প্রতিবেদক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি মাইক্রোড্রামা ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’-এর কাল্পনিক চরিত্র লুকা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে ফেসবুকে চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ ও মুগ্ধতা চোখে পড়ার মতো।

লুকার সঙ্গে নোরার সম্পর্কও দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি কৌতূহল। ফেসবুক খুললেই লুকা ও নোরাকে নিয়ে বিভিন্ন পোস্ট, ভিডিও ও মন্তব্য চোখে পড়ছে। কেউ কেউ তো কাল্পনিক এই এআই চরিত্রটিকেই নিজের ‘ক্রাশ’ হিসেবে ঘোষণা করেছেন।

এক দর্শক নুজহাত খান লিখেছেন, ‘লুকা আমার ক্রাশ।’ রুবাবা আজাদ লিখেছেন, ‘বুড়া বয়সে এসে এসব মাফিয়া ডন-টনের ওপর ক্রাশ খেয়ে যাচ্ছি।’ তামান্না জান্নাতের মন্তব্য, ‘সব ক্রাশকে হার মানিয়ে এখন আমার ক্রাশ মাফিয়া কিং।’

শুধু লুকাকে নিয়েই নয়, নোরার সঙ্গে তার সম্পর্ক নিয়েও চলছে নানা আলোচনা। জুলিয়া নামের এক দর্শক লিখেছেন, ‘নোরা ও লুকাকে অনেক ভালো লেগেছে।’

অনেকে আবার লুকা-নোরার গল্প নিয়ে মজার মন্তব্যও করছেন। জেরিন বাপ্পী লিখেছেন, ফেসবুকে ঢুকলেই ইদানীং এআই ধারাবাহিকের মাফিয়া ডন লুকা ও তার স্ত্রী নোরার দেখা মিলছে।

আরেক দর্শক মজা করে লিখেছেন, প্রচলিত ধারাবাহিকের সংসারের গল্প বাদ দিয়ে এখন তিনি এআই মাফিয়া ডন ও তার পরিবারের গল্পই দেখছেন। কেউ কেউ আবার রাত জেগে এসব দেখতে গিয়ে বাস্তবে অস্তিত্বহীন লুকা কাস্তেলিনো ও নোরা বেনেটের চরিত্রে মুগ্ধ হওয়ার কথাও জানিয়েছেন।

দাইনা তালুকদার লিখেছেন, ছোটবেলায় ‘ঠাকুমার ঝুলি’ দেখলেও এখন তিনি মাফিয়া ডন লুকা ও নোরার গল্প দেখছেন।

তবে লুকা ও নোরা কোনো বাস্তব অভিনেতা-অভিনেত্রী নন। তারা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি সম্পূর্ণ কাল্পনিক চরিত্র। বাস্তবে অস্তিত্ব না থাকলেও তাদের ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া ব্যাপক আগ্রহ দেখাচ্ছে, বিনোদনের ক্ষেত্রে এআইনির্ভর চরিত্র ও গল্পের জনপ্রিয়তা কীভাবে বাড়ছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

 যোগফল প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় স্থানান্তরিত হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জিএমএস টেক্সটাইল কারখানার একটি বাস কালিয়াকৈরের মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা কয়েকজন শ্রমিক আটকা পড়েন। এ সময় কয়েকজন সড়কের পাশেও ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে নারীসহ ১৫ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম